Postal Vote BD মোবাইল অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের ভোটদান কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
বাংলাদেশ নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ২৯ জানুয়ারি ২০২৬ সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত প্রবাসী ভোটারদের একটি বড় অংশ তাদের ভোট প্রদান প্রক্রিয়া সম্পন্ন করেছেন।
নির্বাচন কমিশন জানায়, এ পর্যন্ত মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট সংশ্লিষ্ট গন্তব্য দেশে পৌঁছেছে। এর মধ্যে ৫ লাখ ৯ হাজার ৬০১ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ভোটদান সম্পন্ন করেছেন ৪ লাখ ৪৫ হাজার ৫৮৮ জন প্রবাসী ভোটার।
ভোটারদের দ্বারা পূরণ করা ব্যালটের মধ্যে ৩ লাখ ৯৪ হাজার ১৭৪টি সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দেওয়া হয়েছে। এ ছাড়া এখন পর্যন্ত ৫৫ হাজার ৩৪১টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে বলে জানিয়েছে কমিশন।
এদিকে দেশের ভেতরে পোস্টাল ব্যালটে ভোটদান কার্যক্রমও চলমান রয়েছে। নির্বাচন কমিশনের তথ্যমতে, দেশের মধ্যে পোস্টাল ব্যালটে প্রদত্ত ২ লাখ ৪৪ হাজার ৬২৫টি ভোট ৫২টি জেলায় পাঠানো হয়েছে।
নির্বাচন কমিশন আশা করছে, প্রবাসী ও দেশের অভ্যন্তরের পোস্টাল ব্যালট ভোট সময়মতো সংগ্রহ ও গণনার আওতায় আনা সম্ভব হবে।
–এজাজ আহমেদ










