ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড টটেনহ্যাম হটস্পারকে ২-০ গোলে হারিয়ে টানা চতুর্থ জয় নিশ্চিত করেছে। ম্যানইউর অন্তর্বর্তীকালীন কোচ মাইকেল ক্যারিক দায়িত্ব নেওয়ার পর থেকে প্রথম চার ম্যাচেই দল জিতেছে।
ম্যাচের শুরুতেই টটেনহ্যাম বিপদে পড়ে। ২৯তম মিনিটে ক্রিস্তিয়ান রোমেরো কাসেমিরোর বিপজ্জনক ফাউল করার কারণে সরাসরি লাল কার্ড পান। ম্যাচের প্রথম আধা ঘণ্টার মধ্যে ১০ জনে নামিয়ে আনার ফলে স্পারদের মনোবল ভেঙে পড়ে।
৩৮তম মিনিটে ব্রায়ান এমবুমো ছোট কর্নার থেকে গোল করে ইউনাইটেডকে এগিয়ে দেন। এরপর ৮১ মিনিটে ডান দিক থেকে দিয়েগো দালোতের ক্রসে ব্রুনো ফের্নান্দেস প্রথম ছোঁয়ায় গোল করে ব্যবধান বাড়ান। টটেনহ্যামের কোনো ঘুরে দাঁড়ানোর সুযোগ হয়নি, ফলে তারা হেরে মাঠ ছাড়ে।
ম্যানইউ পুরো ম্যাচে আধিপত্য বজায় রেখে ২৫ ম্যাচে ১২ জয়, ৮ ড্রয়ে ৪৪ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের চতুর্থ স্থানে পৌঁছেছে। অন্যদিকে, টটেনহ্যাম সাত ম্যাচ ধরে জয়হীন অবস্থায় লিগে ১৪ নম্বরে, ২৫ ম্যাচে ২৯ পয়েন্ট সংগ্রহ করেছে।
-সাইমুন










