ঢাকা–৮ আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, অনেকে আন্দোলনের নামে নির্বাচন পেছানোর চেষ্টা করছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মালিবাগ ও রাজারবাগ এলাকায় নির্বাচনী প্রচারণাকালে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “গতকাল শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে শান্তিপূর্ণ আন্দোলন হয়েছিল। কিন্তু ওই আন্দোলনে পুলিশ যেভাবে লাঠিচার্জ ও হামলা করেছে, তা প্রশাসনসহ সবার জন্যই লজ্জার বিষয়। এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “আমাদের অনেক ভাই আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল আমি হাসপাতালে গিয়ে খুবই ভয়াবহ পরিস্থিতি দেখেছি। জাবের, জুমাসহ অনেকে আহত হয়েছেন। এমনকি একজন প্রার্থী মহিউদ্দিন রনিকেও মারধর করা হয়েছে। আশা করি সরকার এই ধরনের সংস্কৃতি থেকে সরে এসে নতুন বাংলাদেশ গঠনে আগ্রহী হবে।”
নির্বাচনী ইশতেহারে ওসমান হাদি হত্যার বিচারকে অগ্রাধিকার দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা, তারা নির্বাচন আয়োজন করবে। আর বিচারালয় ওসমান হাদি হত্যার বিচার করবে। দুটি বিষয় একে অপরের সঙ্গে সাংঘর্ষিক নয়। আগেও সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হয়েছিল, এবারও একই পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।”
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “যেকোনো মূল্যে আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ভোট অনুষ্ঠিত হবে এবং সবাই ভোট দিতে আসবেন। কেউ ভয় দেখানোর চেষ্টা করলে তাতে কান না দিয়ে, গত ১৫ বছর ভোট দিতে না পারার যে অধিকার থেকে মানুষ বঞ্চিত ছিল, এবার তা প্রয়োগ করবেন।”
-এমইউএম










