ঢাকা–১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক বলেছেন, নির্বাচনী এলাকায় কোনো বহিরাগত ব্যক্তি অবস্থান করতে বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না। এ ধরনের কোনো পরিস্থিতি তৈরি হলে এর দায় সংশ্লিষ্টদেরই নিতে হবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) মিরপুর–১২ ও আশপাশের এলাকায় নির্বাচনী প্রচারের সময় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক অভিযোগ করে বলেন, জামায়াতের প্রার্থী বিভিন্ন স্থানে বহিরাগত ভাড়াটিয়া লোকজন জড়ো করছেন, যা নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। তিনি বলেন, আচরণবিধি অনুযায়ী নিজ এলাকার ভোটার না হলে কারও ওই এলাকায় অবস্থান করার সুযোগ নেই।
তিনি আরও জানান, বিষয়টি ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে।
এলাকার ভোটারদের উদ্দেশে ধানের শীষের প্রার্থী বলেন, সবাইকে নির্ভয়ে ও নিঃসঙ্কোচে ভোটকেন্দ্রে গিয়ে তাদের নাগরিক অধিকার প্রয়োগ করতে হবে। একটি ভোটই জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
নির্বাচনী পরিবেশ সম্পর্কে তিনি বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি সন্তোষজনক থাকলেও সবাইকে সতর্ক থাকতে হবে। কেউ উস্কানি বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।
গণসংযোগকালে আমিনুল হক এলাকার বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং লিফলেট বিতরণের মাধ্যমে তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
-এমইউএম










