রাজধানীর ভাসানটেকে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) আগুনে ঘরবাড়ি পুড়ে সর্বস্ব হারানো পরিবারগুলোর মধ্যে সহায়তা কার্যক্রম পরিচালনা করেন তিনি।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বহু পরিবার তাদের বসতঘর, আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হারিয়ে চরম দুর্ভোগে পড়ে। এ অবস্থায় ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে ভাষানটেক এলাকায় উপস্থিত হন ডা. জুবাইদা রহমান। সেখানে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে প্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণ করেন, যাতে তারা তাৎক্ষণিকভাবে দৈনন্দিন জীবন পরিচালনা করতে পারেন।
সহায়তা বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের স্বাস্থ্যসেবার বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়। এ উপলক্ষে এলাকায় একটি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়, যেখানে অভিজ্ঞ চিকিৎসকরা নারী, শিশু ও বয়স্কদের স্বাস্থ্য পরীক্ষা করেন। প্রয়োজন অনুযায়ী ওষুধও সরবরাহ করা হয়।
এই মানবিক উদ্যোগে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আস্থার পরিবেশ সৃষ্টি হয়েছে। আকস্মিক এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সহায়তা ও চিকিৎসাসেবার সমন্বিত কার্যক্রমটি একটি মানবিক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। এ সময় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ডা. ফরহাদ হালিম ডোনারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
-এমইউএম










