দক্ষিণ কোরিয়ার শীর্ষ ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বিথাম্ব ভয়াবহ এক প্রযুক্তিগত ভুলের কারণে গ্রাহকদের কাছে বিপুল পরিমাণ বিটকয়েন পাঠিয়ে দেয়। প্রতিষ্ঠানটি জানায়, একটি প্রচারমূলক কর্মসূচির সময় ভুলবশত প্রায় ৪৪ বিলিয়ন ডলার মূল্যের বিটকয়েন ব্যবহারকারীদের অ্যাকাউন্টে জমা পড়ে যায়।
বিথাম্বের তথ্যমতে, শুক্রবার ঘটে যাওয়া এই ঘটনার পর তারা দ্রুত পদক্ষেপ নেয় এবং বিতরণ করা ৬ লাখ ২০ হাজার বিটকয়েনের ৯৯.৭ শতাংশ পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। ঘটনায় ক্ষতিগ্রস্ত ৬৯৫ জন গ্রাহকের ট্রেডিং ও অর্থ উত্তোলন সাময়িকভাবে বন্ধ করা হয়, যা ভুল শনাক্ত হওয়ার ৩৫ মিনিটের মধ্যেই কার্যকর করা হয়।
প্রতিষ্ঠানটি জানায়, তারা মূলত একটি প্রমোশনাল অফারের আওতায় প্রতিটি ব্যবহারকারীকে ২ হাজার কোরিয়ান উন (প্রায় ১.৩৭ ডলার) বা তার বেশি নগদ পুরস্কার দেওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু সিস্টেম ত্রুটির কারণে নির্বাচিত ব্যবহারকারীরা নগদের পরিবর্তে প্রত্যেকে কমপক্ষে ২ হাজার বিটকয়েন পেয়ে যান বলে স্থানীয় গণমাধ্যমে জানানো হয়েছে।
ঘটনার পর বিথাম্ব আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং জানিয়েছে, এটি কোনো হ্যাকিং বা নিরাপত্তা লঙ্ঘনের ফল নয়। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, “এই ঘটনায় আমাদের সিস্টেমের নিরাপত্তা বা গ্রাহকদের সম্পদ ব্যবস্থাপনায় কোনো সমস্যা নেই।”
এই ভুলের প্রভাব তাৎক্ষণিকভাবে বাজারে পড়েছে। বিথাম্ব প্ল্যাটফর্মে শুক্রবার সন্ধ্যায় বিটকয়েনের দাম একপর্যায়ে ১৭ শতাংশ পর্যন্ত পড়ে গিয়ে ৮১.১ মিলিয়ন উনে নেমে আসে। পরে দাম আবার ঘুরে দাঁড়ায় এবং সর্বশেষ লেনদেনে তা ১০৪.৫ মিলিয়ন উনের কাছাকাছি ছিল।
দক্ষিণ কোরিয়ার ক্রিপ্টো বাজারে বিথাম্ব বর্তমানে আপবিট এর পর দ্বিতীয় বৃহত্তম এক্সচেঞ্জ হিসেবে পরিচিত। বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা ক্রিপ্টো এক্সচেঞ্জগুলোর প্রযুক্তিগত নির্ভরতা ও ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
সূত্র: রয়টার্স
সাবরিনা রিমি/










