খাগড়াছড়ির দুর্গম ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ সেনা মোতায়েনের দাবি

খাগড়াছড়ি জেলার দুর্গম ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপিসহ চার প্রার্থী।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে জেলা আইনজীবী সমিতির আয়োজনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষের মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া। এ সময় গণঅধিকার পরিষদের প্রার্থী দিনময় রোজায়া, ইনসানিয়্যাত বিপ্লবের প্রার্থী নুর হোসেন এবং জাতীয় পার্টির প্রার্থী মিথিলা রোয়াজা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, খাগড়াছড়ি ২৯৮ নম্বর সংসদীয় আসনের মোট ২০৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১২১টি ঝুঁকিপূর্ণ এবং ৬৮টি অধিক ঝুঁকিপূর্ণ (রেড মার্ক) হিসেবে চিহ্নিত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী এই চিত্র উঠে এসেছে, যা সাধারণ ভোটারদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে।

তিনি অভিযোগ করেন, কিছু সশস্ত্র সংগঠন ভোট আদায়ের উদ্দেশ্যে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিচ্ছে। কোথাও কোথাও হামলার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি। এর ফলে প্রার্থী ও তাদের কর্মীদের স্বাভাবিক প্রচারণা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

সংবাদ সম্মেলন থেকে ভোটগ্রহণের অন্তত তিন দিন আগে দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ সেনা মোতায়েন, নিয়মিত টহল জোরদার এবং নির্বাচনপূর্ব রাত থেকে কেন্দ্রভিত্তিক কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলার দাবি জানানো হয়।

এছাড়া ভোটারদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে স্থানীয় হেডম্যান, কারবারি, ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ তৈরির আহ্বান জানান বক্তারা।

রঞ্জন দাশ, খাগড়াছড়ি