হাতিয়ায় সংবাদ সংগ্রহের সময় বিটিভির সাংবাদিকের ওপর হামলা, গুরুতর আহত

ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের গামছাখালী এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাংবাদিক মিরাজ উদ্দিন। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত অতর্কিতে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এ সময় তার সঙ্গে থাকা মোটরসাইকেল চালক সাকিব-কেও মারধর করা হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলায় জড়িতরা এলাকায় চিহ্নিত একটি গ্রুপের অনুসারী। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কারও নাম নিশ্চিত করা হয়নি।

গুরুতর আহত অবস্থায় মিরাজ উদ্দিনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানা গেছে। সাকিবও চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, হামলার খবর পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

সাবরিনা রিমি/