চেক বাউন্স মামলায় আত্মসমর্পণ করলেন রাজপাল যাদব

দীর্ঘদিন ধরে চলা চেক বাউন্স মামলায় অবশেষে আত্মসমর্পণ করলেন বলিউডের জনপ্রিয় কৌতুকাভিনেতা রাজপাল যাদব। দিল্লি হাইকোর্টের নির্দেশে গত ৪ ফেব্রুয়ারি তিনি জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেন। আদালত সূত্রে জানা গেছে, প্রায় ৯ কোটি রুপির ঋণ সংক্রান্ত এই মামলায় রাজপাল বারবার সময় চাইলেও নির্ধারিত সময়ে অর্থ পরিশোধ করতে ব্যর্থ হন। এর আগেও একাধিকবার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু প্রতিশ্রুতি রক্ষা না হওয়ায় আদালত আর কোনো ছাড় দেননি।

আত্মসমর্পণের আগে রাজপাল আদালতে নতুন একটি প্রস্তাব দেন। তিনি জানান, তাৎক্ষণিকভাবে ২৫ লাখ রুপি দিতে পারবেন এবং বাকি অর্থ পরিশোধের জন্য আরও সময় প্রয়োজন। তবে দিল্লি হাইকোর্ট এই প্রস্তাব গ্রহণ করেনি। আদালতের পর্যবেক্ষণ ছিল—আগেও তিনি এমন আশ্বাস দিয়েছেন, কিন্তু বাস্তবে তা বাস্তবায়ন হয়নি। বিচারক স্পষ্টভাবে বলেন, পাওনাদারদের স্বার্থ রক্ষা এবং আইনের শাসন বজায় রাখার জন্য এবার আর কোনো বিলম্ব গ্রহণযোগ্য নয়। তাই রাজপালকে অবিলম্বে আত্মসমর্পণের নির্দেশ বহাল রাখা হয়।

উল্লেখ্য, এর আগে তিনি জামিনে মুক্ত ছিলেন এবং আদালতকে আশ্বস্ত করেছিলেন নির্দিষ্ট সময়ের মধ্যে সব দেনা পরিশোধ করবেন। কিন্তু সময় পেরিয়ে গেলেও অর্থ পরিশোধ না হওয়ায় আদালত এবার তার বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত নেয়। বর্তমানে রাজপাল আইনি হেফাজতে রয়েছেন। আদালত ইঙ্গিত দিয়েছেন, আত্মসমর্পণের পর আইন অনুযায়ী দেনা পরিশোধের অন্য কোনো পথ আছে কি না, তা পরবর্তী শুনানিতে বিবেচনা করা হতে পারে।

এই মামলার প্রভাব পড়েছে রাজপালের ব্যক্তিগত ও পেশাগত জীবনেও। পর্দায় হাস্যরস দিয়ে দর্শকদের আনন্দ দিলেও বাস্তব জীবনের এই আর্থিক সংকট তাঁর ক্যারিয়ারকে অনিশ্চয়তার মুখে ফেলেছে। এখন সবার নজর পরবর্তী শুনানির দিকেই—সেখানে কী সিদ্ধান্ত আসে, সেটাই দেখার বিষয়।

-বিথী রানী মণ্ডল