খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল আলমকে রাজধানী ঢাকার ভাটারা থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে ভাটারা থানার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মির্জা সায়েম মাহমুদ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একটি দল ভাটারা থানা এলাকায় অভিযান পরিচালনা করে রফিকুল আলমকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তিনি সেখানে আত্মগোপনে ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রফিকুল আলমের বিরুদ্ধে খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন থানায় অন্তত ৪৭টি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে তাকে খাগড়াছড়িতে নিয়ে আসা হবে বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, গ্রেফতারকৃত রফিকুল আলম দুই মেয়াদে খাগড়াছড়ি পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম এবং সাবেক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলমের ছোট ভাই।
রঞ্জন দাশ, খাগড়াছড়ি










