পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি ছিবগাত উল্লাহ বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বরত কোনো পুলিশ সদস্য নির্বাচন-সংক্রান্ত ছবি, পোস্ট, মন্তব্য বা তথ্য সামাজিক মাধ্যমে শেয়ার করতে পারবেন না।
বৃহস্পতিবার তিনি সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সিআইডির মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের জন্য অনুষ্ঠিত ব্রিফিংয়ে এ নির্দেশনা দেন।
সিআইডিপ্রধান বলেন, নির্বাচনী দায়িত্ব সিআইডিসহ পুলিশ বাহিনীর সব সদস্যের জন্য একটি পবিত্র আমানত। এই দায়িত্ব পালনে নিরপেক্ষতা, সততা ও পেশাদারিত্ব অক্ষুণ্ন রাখা আমাদের নৈতিক দায়িত্ব। মাঠপর্যায়ে দায়িত্ব পালন করতে যাওয়া সিআইডির সব পুলিশ সদস্যকে ইতোমধ্যে করণীয় ও বর্জনীয় বিষয়ে বিশেষ নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
সিআইডিপ্রধান সদস্যদের স্মার্ট আউটলুক বজায় রাখার ওপর জোর দেন এবং পুলিশের পোশাকও যথাযথ মর্যাদা ও শৃঙ্খলার সঙ্গে পরিধানে সযত্ন থাকতে বলেন। তিনি সর্বোচ্চ ধৈর্য, সংযম ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
-সাইমুন










