চসিক মেয়রের সঙ্গে ফ্রান্স দূতাবাসের কর্মকর্তাদের বৈঠক

ঢাকায় নিযুক্ত ফ্রান্স দূতাবাসের রাজনৈতিক বিষয়ক কাউন্সিলর ক্রিশ্চিয়ান বেক এবং অ্যালিয়ঁস ফ্রঁসেজ ঢাকার পরিচালক ব্রুনো লাক্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের(চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সিটি করপোরেশনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় চসিক মেয়র বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা করতে আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হওয়া জরুরি। ভোটাররা যেন কোনো ভয়ভীতি ছাড়া নির্ভয়ে ভোট দিতে পারেন এবং রাজনৈতিক দল ও প্রার্থীরা নির্বিঘ্নে প্রচারণা চালাতে পারেন, সে জন্য একটি উৎসবমুখর নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এসময় প্রতিনিধি দলটি নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে করণীয় বিষয়ে মেয়রের ব্যক্তিগত মতামত জানতে চাইলে তিনি বলেন, ভোটারদের মধ্যে ভয়মুক্ত পরিবেশ সৃষ্টি করা না গেলে নির্বাচনে কাঙ্খিত অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব নয়। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারেন এবং রাজনৈতিক নেতাকর্মীরা যাতে বাধাহীনভাবে প্রচারণা চালাতে পারেন, সে জন্য প্রশাসনের কার্যকর ও নিরপেক্ষ ভূমিকা অপরিহার্য।

মেয়র আরও বলেন, প্রথমবারের মতো যারা ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছে, তাদের অংশগ্রহণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তরুণ ভোটাররা গণতন্ত্রের ভবিষ্যৎ, তারা ভোট দিতে মুখিয়ে আছে। কিন্তু দুঃখজনকভাবে ২০০১ সালের পর দেশে একটি সর্বজনগ্রাহ্য ও সুষ্ঠু জাতীয় নির্বাচন হয়নি। এর ফলে দেশের গণতন্ত্র আজ হুমকির মুখে। এই বাস্তবতায় গণতান্ত্রিক ধারায় ফিরতে হলে নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে হবে এবং সে জন্য উৎসবমুখর নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে। এতে বিপুল সংখ্যক ভোটার স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানে উৎসাহিত হবে।

মুক্ত গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর গুরুত্বারোপ করে শাহাদাত হোসেন বলেন, সাংবাদিকরা যেন নির্ভয়ে নির্বাচন কাভার করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, যাতে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় থাকে।

বৈঠকে উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিন, আইন কর্মকর্তা মহিউদ্দিন মুরাদ, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী প্রমুখ।

-সাইমুন