দশম গ্রেডের দাবিতে মানিকগঞ্জে সড়ক অবরোধ, আধাঘণ্টা যান চলাচল বন্ধ

ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থীদের বিএসসি প্রকৌশলদের মতো দশম গ্রেড দেওয়ার দাবিতে মানিকগঞ্জে ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে প্রায় আধাঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মানিকগঞ্জ পুলিশ লাইন এলাকার সামনে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। সড়ক অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

এ কর্মসূচিতে কনফিডেন্স পলিটেকনিক ইনস্টিটিউট, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট, ধামরাই পলিটেকনিক ইনস্টিটিউট এবং এন ইসলাম ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

খবর পেয়ে সদর থানা পুলিশ ও ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে পরিস্থিতি শান্ত হলে সড়ক থেকে অবরোধ তুলে নেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকরাম হোসেন বলেন,“খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি নিজে এবং ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যাই। শিক্ষার্থীদের দাবির কথা মনোযোগ দিয়ে শুনে তাদের শান্ত থাকার অনুরোধ করা হয়। জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে আলোচনা শেষে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেয়। বর্তমানে ঢাকা–আরিচা মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।”

শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হলে আগামী দিনগুলোতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

অভি হাসান, মানিকগঞ্জ