দিনাজপুর সদর উপজেলার বড়ইল গ্রামে অবস্থিত নর্থ হেয়ার প্রোডাক্ট বিডি কোম্পানি লিমিটেডে কর্মরত পাঁচ শতাধিক নারী শ্রমিকদের মাঝে অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে প্রায় ৩০ জন নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অবস্থায় অন্তত ১২ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়লে নারী শ্রমিকরা দিকবিদিক ছোটাছুটি শুরু করে।অনেকে ভুত ভুত বলে চিৎকার করতে থাকে।
দৌড়াদৌড়ির সময় আহত হয়ে অনেকে। আহত অসুস্থ নারী শ্রমিকদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারা হচ্ছেন, রুনা খাতুন (২২), শিউলি (৪৫), রুবিনা খাতুন (৬২), গীতা রানী (৪০), নুপুর (১২), শারমিন (১৮), জান্নাতুল ফেরদৌস (২৫), রেশমা (৩৫) ও লাবনী আক্তার (১৯)।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে গড়ে ওঠা এই চায়না কোম্পানিতে আশপাশের এলাকার কয়েক হাজার নারী ও কিশোরী কর্মরত রয়েছেন। ঘটনার পর দিনাজপুর ফায়ার সার্ভিস ও কোতোয়ালি থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এ বিষয় কোম্পানির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন হঠাৎ কয়েকজন অসুস্থ হয়ে পড়লে আশেপাশে থাকা সহকর্মীদের মধ্যে আতঙ্কে ছোটাছুটি করে।পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে ফোন দিলে স্থানীয় এবং পুলিশের সহযোগিতায় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেন।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্মরত চিকিৎসক বলেন, রোগীদের বক্তব্য অনুযায়ী এটি মূলত আতঙ্কজনিত সমস্যা। আতঙ্কের কারণে তাদের শ্বাসকষ্ট দেখা দেয়। বর্তমানে তারা শঙ্কামুক্ত রয়েছেন।
– শাহজালাল, দিনাজপুর










