নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জুনায়েদ সাকী ঢাকা রাজস্ব বোর্ডে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি বরিশাল বিভাগের পিরোজপুর জেলায়।
নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, ঢাকা থেকে ট্রেনে সান্তাহার রেলওয়ে জংশনে নেমে নওগাঁর মহাদেবপুরে স্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন জুনায়েদ। ভোরে ট্রেন থেকে নামার পর তিনি আর বাড়ি ফেরেননি। পরে ভোর সাড়ে ৫টার দিকে একটি হলুদ রঙের পিকআপ ভ্যানে করে তার ক্ষতবিক্ষত মরদেহ নওগাঁ জেনারেল হাসপাতালের সামনে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। হাসপাতালের কর্মচারীরা মরদেহটি উদ্ধার করে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নওগাঁ কাস্টমসের সহকারী কমিশনার মো. রাশেদ বলেন, “সান্তাহার থেকে নওগাঁ আসার পথে তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। বিষয়টি তার পরিবারকে জানানো হলে তারাও হাসপাতালে আসেন। পুলিশ মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে।”
২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রেহনুমা মুনমুন বলেন, “প্রাথমিকভাবে মরদেহটি সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির বলে শনাক্ত করা হয়েছে। পরে বিষয়টি থানা পুলিশ ও পরিবারের সদস্যদের জানানো হয়।”
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের স্ত্রী থানায় একটি অভিযোগ দায়ের করছেন। ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
-এমইউএম










