বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী একটি তেল ট্যাংকারকে ধাওয়া করে ইরানের নৌবাহিনী। তবে শেষ পর্যন্ত মার্কিন যুদ্ধজাহাজের নিরাপত্তায় ট্যাংকারটি আটকের আশঙ্কা এড়িয়ে নিরাপদ এলাকায় চলে যেতে সক্ষম হয়।
মঙ্গলবার মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানানো হয়, হরমুজ প্রণালীতে প্রবেশের সময় ইরানি নৌবাহিনীর তিনটি সশস্ত্র স্পিডবোট ‘স্টেনা ইম্পেরেটিভ’ নামের মার্কিন ট্যাংকারটির পথ রোধের চেষ্টা চালায়।
সমুদ্র নিরাপত্তা–সংক্রান্ত প্রতিষ্ঠান ভ্যানগার্ড টেক তাদের গ্রাহকদের পাঠানো সতর্কবার্তায় জানায়, ৫০ ক্যালিবার মেশিনগান সংবলিত ইরানের অন্তত ছয়টি স্পিডবোট ট্যাংকারটিকে চারদিক থেকে ঘিরে ফেলে। সে সময় ইরানি সেনারা জাহাজটির নাবিকদের ইঞ্জিন বন্ধের নির্দেশ দেন এবং জাহাজে ওঠার প্রস্তুতি নেন। তবে ট্যাংকারটির ক্যাপ্টেন নির্দেশ উপেক্ষা করে গতি বাড়িয়ে দেন।
পরিস্থিতি জটিল হয়ে উঠলে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্যাংকারটিকে নিরাপত্তা দিয়ে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়।
এদিকে যুক্তরাজ্যভিত্তিক মেরিটাইম ট্রেড অপারেশন্স এজেন্সি (ইউকেএমটিও) জানিয়েছে, তারা ওমান উপকূল থেকে প্রায় ১৬ কিলোমিটার উত্তরে একটি জাহাজ আক্রান্ত হওয়ার তথ্য পেয়েছে। ধারণা করা হচ্ছে, ওই স্থানেই মার্কিন পতাকাবাহী ট্যাংকারটি বাধার মুখে পড়েছিল।
সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালী ও ওমান উপসাগর এলাকায় বাণিজ্যিক জাহাজ পর্যবেক্ষণ ও আটকের ঘটনাকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য হরমুজ প্রণালী একটি অত্যন্ত কৌশলগত সমুদ্রপথ। এই পথ দিয়ে বিশ্বের মোট বাণিজ্যিক তেলের প্রায় ২০ শতাংশ পরিবহন করা হয়। পশ্চিমা নিষেধাজ্ঞা ও বিভিন্ন পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইরান দীর্ঘদিন ধরে এই প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে আসছে।










