টাঙ্গাইলে পিটিসিতে ৫৭তম প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) ৫৭তম প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে পিটিসি’র প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন করেন বাংলাদেশ পুলিশ বিভাগের অ্যাডিশনাল আইজি (ডেভেলপমেন্ট) সরদার নূরুল আমিন বিপিএম। তিনি প্রশিক্ষণার্থীদের সালাম গ্রহণ করেন এবং কুচকাওয়াজ পরিদর্শন শেষে বক্তব্য রাখেন।

মৌলিক প্রশিক্ষণে সক্রিয় অংশগ্রহনের মাধ্যমে ৫৭তম টিআরসি ব্যাচের ৪২৫ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবল সফলতার সাথে তাদের প্রশিক্ষণ সম্পন্ন করে।

প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা সম্পূর্ণ মেধার মাপকাঠিতে বাংলাদেশ পুলিশে নিয়োগ লাভ করেছো। তোমাদের প্রশিক্ষণলব্ধ জ্ঞানের উৎকর্ষতা, সততা, নিষ্ঠা, একাগ্রতা কর্মজীবনে প্রয়োগ করতে হবে এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে জনগনের আস্থা অর্জনে ব্রতী হবে।” প্রধান অতিথি নবীন সদস্যদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করার মাধ্যমে বক্তব্য শেষ করেন।

এসময় পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মোহাম্মদ আশফাকুল আলম, ডেপুটি কমান্ড্যান্ট মোঃ মাহফুজুর রহমান, টাঙ্গাইলের পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার, নৌ পুলিশ টাঙ্গাইল অঞ্চলের পুলিশ সুপার মো: সোহেল রানা,
টাঙ্গাইল মির্জাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আদনান মুস্তাফিজ, এএসপি পিয়াস সরকার
সহ জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবর্গ, সাংবাদিকবৃন্দ ও প্রশিক্ষণার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

মৃণাল কান্তি রায়,টাঙ্গাইল