সহায়তার মাধ্যমে সম্প্রীতি জোরদার দীঘিনালা সেনাবাহিনীর

পার্বত্য অঞ্চলের শান্তি ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে মানবিক কার্যক্রমকে শক্ত ভিত্তিতে দাঁড় করাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ির দীঘিনালায় অসহায়, দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থসহ বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করেছে দীঘিনালা জোন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টা ৪০ মিনিটে দীঘিনালা জোন সদরে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন, এসইউপি, পিএসসি। তাঁর উপস্থিতিতে উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রূশাদ, পিএসসি সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা কার্যক্রম তদারকি করেন।

সহায়তার অংশ হিসেবে সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। পাশাপাশি আত্মকর্মসংস্থান ও বসতঘর সংস্কারের উদ্দেশ্যে সেলাই মেশিন, ঢেউটিন এবং উপহার সামগ্রী বিতরণ করা হয়। এতে উপকারভোগী পরিবারগুলো তাৎক্ষণিক সহায়তার পাশাপাশি দীর্ঘমেয়াদি উপকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

অনুষ্ঠানে দীঘিনালা জোনের অ্যাডজুটেন্ট লেফটেন্যান্ট জাওয়াদ মোহাম্মদ জাহিন, কোয়ার্টার মাস্টার শেখ সাব্বির আহমেদসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে পার্বত্য এলাকার সব সম্প্রদায়ের পাশে থেকে মানবিক দায়িত্ব পালন করে যাচ্ছে। তিনি বলেন, শান্তি, সম্প্রীতি ও আস্থার সম্পর্ক বজায় রাখতে সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

স্থানীয় বাসিন্দারা বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগ শুধু সহায়তা নয়, বরং সাধারণ মানুষের সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের আস্থার সম্পর্ককে আরও দৃঢ় করছে।

মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি