মহালছড়িতে নবম পে- স্কেল প্রজ্ঞাপন জারির দাবিতে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বিক্ষোভ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় বেতন কমুশন -২০২৫ এর সুপারিশকৃত নবম পে- স্কেল অনতিবিলম্বে প্রজ্ঞাপন জারির দাবিতে খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার
বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল এগারোটায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে উপজেলার সকল দপ্তরের কর্মরত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা ও বাকসাস খাগড়াছড়ি পার্বত্য জেলার সভাপতি মোঃ আবুল হোসেন,প্রশাসনিক কর্মকর্তা প্রতাপ চাকমা, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীণ চন্দ্র চাকমা, উপজেলা প্রাথমিক শিক্ষক মোঃ স্বাধীন ফয়সাল সহ প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সীমিত বেতনে সংসার চালানো অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। সন্তানদের পড়াশোনা, বাসাভাড়া, চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে। দ্রুত নবম পে-স্কেল বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

একাধিক কর্মচারী বক্তব্য দিতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, “বেতন দিয়ে সংসার চালানো যাচ্ছে না, ধার-দেনা করে চলতে হচ্ছে।আমাদের কষ্টের কথা সরকারকে বুঝতে হবে।” তার এই আবেগঘন বক্তব্যে অনেকেই আপ্লুত হয়ে পড়েন।

এ সময় স্লোগানে স্লোগানে পুরো উপজেলা চত্বর মুখরিত হয়ে ওঠে। পরে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি