আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফুলগাজীতে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও প্রচারণা করেছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুন্সি রফিকুল আলম মজনুর স্ত্রী নাজমুন নাহার হাসি।
সোমবার বিকেলে তিনি ফুলগাজী সদর ইউনিয়নের গোসাইপুর গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় তার সঙ্গে প্রার্থী রফিকুল আলম মজনুর ভাই-বোনসহ পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। কর্মসূচির সমন্বয় করেন ফুলগাজী সদর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মেজবাহ উদ্দিন মজুমদার সেলিম। উপস্থিত ছিলেন বাশুড়া ওয়ার্ড বিএনপির সভাপতি দিল হোসেন দেলু, গোসাইপুর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিনহাজ উদ্দিন মিঠু, সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম নিশাত এবং উপজেলা ও ইউনিয়ন মহিলা দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
প্রচারণাকালে নাজমুন নাহার হাসি ভোটারদের কাছে বিএনপির রাজনৈতিক অবস্থান ও অতীত কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে এলাকার অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবেন রফিকুল আলম মজনু। এ সময় বিএনপির প্রস্তাবিত বিভিন্ন জনকল্যাণমূলক পরিকল্পনা, যেমন পরিবারভিত্তিক সহায়তা ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত উদ্যোগের কথাও তুলে ধরা হয়।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময়কালে তিনি নারী ভোটারদের সঙ্গেও আলাদা করে কথা বলেন এবং নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। ফুলগাজীতে নির্বাচনী প্রচারণা যত এগোচ্ছে, ততই প্রার্থীদের পরিবার-পরিজনদের সরাসরি মাঠে অংশ নিতে দেখা যাচ্ছে, যা প্রচারণায় ভিন্নমাত্রা যোগ করেছে বলে মনে করছেন স্থানীয়রা।
জহিরুল ইসলাম রাজু, ফেনী










