আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গণভোটের পক্ষে প্রচারণা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ উপলক্ষে ফুলগাজী বাজারে পথসভা ও গণসংযোগ কর্মসূচি পালন করেছেন দলটির নেতৃবৃন্দ।
সোমবার বিকেলে ফুলগাজী বাজারের বিভিন্ন দোকান, পথচারী ও যানবাহন চালকদের সঙ্গে কথা বলে তারা গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালান। এ সময় নেতারা সাধারণ মানুষের কাছে নিজেদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করেন এবং গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলনের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। বিভিন্ন নাগরিক সুবিধা, সুশাসন এবং জনগণের অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার কথা উল্লেখ করে তারা ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রিজভী ও কেন্দ্রীয় সদস্য এহসানুল মাহবুব জোবায়ের উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন ফেনী জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব মুহাইমিন তাজিম, যুগ্ম সদস্যসচিব (দপ্তর) ওমর ফারুক এবং ফুলগাজী উপজেলা ছাত্রশক্তির সংগঠক মুশফিক নাহিম ও আব্দুল কাইয়ুম উজ্জ্বল।
নেতৃবৃন্দ জানান, নির্বাচন সামনে রেখে পর্যায়ক্রমে ফুলগাজীর বিভিন্ন এলাকা ও গুরুত্বপূর্ণ পয়েন্টে এ ধরনের গণসংযোগ ও ক্যাম্পেইন চালানো হবে।
জহিরুল ইসলাম রাজু, ফেনী










