বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন আগামী বাংলাদেশ হবে এমন একটি দেশ যেখানে প্রতিটি শিশু, প্রতিটি শিল্পী, প্রতিটি মানুষ সমান সুযোগ পাবে। যেখানে মুক্ত চিন্তা, ন্যায়পরায়ণতা, এবং মানবিক মূল্যবোধে আমাদের সমাজ সমৃদ্ধ হবে।
বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) নগরীর মেহেদীবাগস্থ তাঁর বাসভবনে বেতার–টেলিভিশন শিল্পী সংস্থা ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন বেতার–টেলিভিশন শিল্পী সংস্থার সভাপতি আব্দুল মান্নান রানা, এবং সাধারণ সম্পাদক ফরিদ বঙ্গবাসী সঞ্চালনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাসাসের সদস্য সচিব ও চট্টগ্রাম বেতার টেলিভিশন শিল্পী সংস্থার সহ-সভাপতি মামুনুর রশিদ শিপন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতান্ত্রিক আন্দোলনের প্রতিটি অধ্যায়ে সংস্কৃতি কর্মীরা অগ্রণী ভূমিকা রেখেছেন। তিনি বেতার ও টেলিভিশন শিল্পীদের পেশাগত সংকট সমাধানে রাষ্ট্রীয় সহায়তা এবং স্বাধীন সাংস্কৃতিক পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেন।
মতবিনিময় সভায় বক্তারা সাংস্কৃতিক অঙ্গনের বিদ্যমান সমস্যা, শিল্পীদের কর্মসংস্থান সংকট এবং সাংস্কৃতিক স্বাধীনতার হুমকি তুলে ধরেন। এছাড়াও দেশীয় সংস্কৃতি বিকাশ, অপসংস্কৃতির প্রতিরোধ এবং বিগত ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে সংস্কৃতি কর্মীদের সাহসী ভূমিকা প্রশংসা করা হয়। বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধার ও মতপ্রকাশের অধিকার প্রতিষ্ঠায় সংস্কৃতি কর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মোহাম্মদ মোস্তফা কামাল কন্ঠ শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক সাইফুদ্দিন মাহমুদ খান, কণ্ঠশিল্পী সুরকার ও সংগীত পরিচালক কল্যাণী ঘোষ, কণ্ঠশিল্পী গীতা আচার্য, কণ্ঠশিল্পী শিমুল শীল, কণ্ঠশিল্পী আলমগীর আলাউদ্দিন কণ্ঠশিল্পী সুরকার ও সংগীত পরিচালক অনন্যা বড়ুয়া নৃত্য পরিচালক ফজল আমিন শাওন নৃত্য পরিচালক ফজলুল কবির চৌধুরী কণ্ঠশিল্পী সুরকার সংগীত পরিচালক আবসার উদ্দিন অলি গীতিকার ও কলাম লেখক ইন্তেখাব আলম মান্না কণ্ঠশিল্পী ইফরাদ আবেদ অভিনয়শিল্পী ফৌজুল আকবর রিফাত অভিনয়শিল্পী শিমুল শীল কণ্ঠশিল্পী নাসরিন হীরা অভিনয় শিল্পী ও নির্মাতা লাকি মজুমদার সুপ্রিয়া কণ্ঠশিল্পী প্রিয়াঙ্কা বড়ুয়া নৃত্য পরিচালক অনন্য বড়ুয়া নৃত্য পরিচালক নেভি দাস নৃত্য পরিচালক শাহরিয়া পারভিন রোজী কণ্ঠশিল্পী নাসরিন ইসলাম উপস্থাপক ও সংবাদ পাঠক মাকসুদা বৃষ্টি কণ্ঠশিল্পী ইকবাল পিন্টু , কণ্ঠশিল্পী দিদারুল ইসলাম, কণ্ঠশিল্পী রিফাত চৌধুরী লিজা ।










