কোনো বিনিময় ছাড়াই ডা. প্রাণ গোপালকে নিয়ে গেছে ভারত : রনি

সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, ডা. প্রাণ গোপাল দত্ত ভারতে আছেন! আমাদের দেশ গত ৫০ বছর ধরে একজন প্রাণ গোপাল তৈরি করেছে এবং ভারত কোনো বিনিময় ছাড়াই তাকে নিয়ে নিয়েছে! ডা. প্রাণ গোপালকে সম্প্রতি ভারতের ন্যাশনাল মেডিক্যাল কমিশন সেদেশে ডাক্তারি করার অনুমোদন দিয়েছে!

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে সংগীতশিল্পী রুনা লায়লা ও ডা. প্রাণ গোপাল দত্তের ছবি যুক্ত করে এসব কথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে গোলাম মাওলা রনি বলেন, ছবির একজনের নাম রুনা লায়লা আর অন্যজন হলেন ডা. প্রাণ গোপাল দত্ত! ছোট বেলায় রুনা লায়লাকে নিয়ে গল্প শুনতাম যে ভারত ফারাক্কার বিনিময়ে রুনা লায়লাকে নিতে চেয়েছিল, কিন্তু বঙ্গবন্ধু দেননি!

তিনি বলেন, আজ অনেক দিন পর এই মহান শিল্পীকে নিয়ে শৈশবের গল্প মনে হলো উপমহাদেশের কিংবদন্তি চিকিৎসক ডা. প্রাণ গোপাল দত্তের একটি ঘটনা শুনে!

ডা. প্রাণ গোপাল ভারতে আছেন! আমাদের দেশ গত ৫০ বছর ধরে একজন প্রাণ গোপাল তৈরি করেছে এবং ভারত কোনো বিনিময় ছাড়াই তাকে নিয়ে নিয়েছে! ডা. প্রাণ গোপালকে সম্প্রতি ভারতের ন্যাশনাল মেডিক্যাল কমিশন সেদেশে ডাক্তারি করার অনুমোদন দিয়েছে!

এ রাজনৈতিক বিশ্লেষক বলেন, ১৯৭১ সালে আমরা রুনা লায়লাকে হারাইনি! উল্টো কবি নজরুলকে পেয়েছিলাম! রাজাকার আলবদর এবং পাকিস্তান সরকারের তাঁবেদার হওয়া সত্ত্বেও দেশের জ্ঞানী গুনি আমলা কামলা সবাইকে পাকিস্তান থেকে এনে দেশের কাজে লাগিয়েছিলাম! আর ২০২৬ সালে সাকিব আল হাসান, ডা. প্রাণগোপালদের মতো কতজনকে যে হারিয়েছি তার হিসেব কার কাছে চাইব!

-সাইমুন