লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুত ছয়টি ভোটের সিলসহ সোহেল রানা নামে এক প্রেস মালিককে আটক করেছে পুলিশ। এ সময় সিলসহ একটি মোবাইলফোন ও কম্পিউটার জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শহরের পুরাতন আদালত সড়কের ‘মারইয়াম প্রেস’ নামে দোকান থেকে তাকে আটক করা হয়।
আটক সোহেল ওই প্রেসের স্বত্বাধিকারী এবং সদর উপজেলার টুমচর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, অবৈধভাবে ভোটের সিল তৈরি করা হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে মারইয়াম প্রেস নামে দোকানটিতে অভিযান চালানো হয়। এসময় দোকানটি থেকে ভোটের ব্যালট পেপারে ব্যবহৃত ছয়টি সিল জব্দ করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের হাসান মাহমুদ নাহিদ। পরে তার নির্দেশে সিলগুলোসহ একটি মোবাইলফোন ও কম্পিউটার জব্দ করে প্রেসটির মালিক সোহেলকে আটক করা হয়।
আটক সোহেল রানা জানান, অর্ডার পেয়ে তিনি সিলগুলো বানিয়েছেন। তবে কে বা কারা ভোটের সিল বানানোর অর্ডার দিয়েছেন তা প্রকাশ করেননি তিনি।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের হাসান মাহমুদ নাহিদ বলেন, কোনোভাবেই এই প্রেসে ভোটের সিল বানানো যাবে না। এটি অবৈধ। আটক সোহেল রানার নামে নিয়মিত মামলা হবে।
-সাইমুন










