চিরিরবন্দর কাঁকড়া নদীতে ভেসে উঠলো দুই যুবকের মরদেহ

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার কাঁকড়া নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের লক্ষ্মীতলা ব্রিজসংলগ্ন বানিয়া খাড়ি এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মরদেহ দুটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তবে পুলিশ জানিয়েছে, তাদের আনুমানিক বয়স ৩০ বছর।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করে। মরদেহ দুটির পরনে জ্যাকেট, মাফলার ও টুপি ছিল।

তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ এবং পরিচয় নির্ণয়ের জন্য মরদেহ দুটি ময়নাতদন্তের উদ্দেশ্যে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

 

সাকিব হাসান নাইম, দিনাজপুর