রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাস ব্যবহার করে ইয়াবা পাচারের ঘটনা উদ্ঘাটন করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়। তাদের বিশেষ অভিযানে একটি বাসের ভেতর ও ২ ব্যক্তির দেহ তল্লাশি করে ১১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. ইমরান (২৭) ও মো. মাহমুদুল হাসান (৪৬) নামের ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত ‘টুডে ট্রাভেলস’ নামের একটি যাত্রীবাহী বাস জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ডিএমপি যাত্রাবাড়ী থানাধীন গুলিস্তান টোল প্লাজার দক্ষিণ পাশে সায়দাবাদ বাস টার্মিনাল এলাকার সিটি মাঠে এ অভিযান চালানো হয়।
ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে কক্সবাজারগামী ‘টুডে ট্রাভেলস’ নামের বাসে তল্লাশি চালিয়ে ২ জনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা বহনের কথা স্বীকার করেন। পরে সাক্ষীদের উপস্থিতিতে দেহ তল্লাশি ও বাসের ভেতরে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়—দুই আসামির দেহ থেকে পৃথকভাবে ৬ হাজার পিস ইয়াবা, বাসের পেছনের একটি তালাবদ্ধ বক্স থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ সবমিলিয়ে উদ্ধারকৃত ইয়াবার সংখ্যা ১১ হাজার পিস উদ্ধার করা হয়।
যার মোট ওজন প্রায় ১ কেজি ৮৫ গ্রাম।
এ ছাড়াও অভিযানে কয়েকটি মোবাইল ফোন, বাসের কাগজপত্র ও গাড়ির চাবি জব্দ করা হয়। ইয়াবা পরিবহনে ব্যবহৃত বাসটি ঘটনাস্থল থেকেই জব্দ করা হয়েছে।
ডিএনসি কর্মকর্তারা জানান, গ্রেপ্তার ইমরান পরিবহন সংশ্লিষ্ট কাজে জড়িত ছিলেন এবং সেই সুযোগ কাজে লাগিয়ে তারা দীর্ঘদিন ধরে পরিবহন ব্যবস্থাকে ব্যবহার করে মাদক পাচার করে আসছিলেন।
উদ্ধার ইয়াবাগুলো বিক্রয়ের উদ্দেশ্যে কক্সবাজার এলাকা থেকে সংগ্রহ করা হয়েছিল বলে তারা স্বীকার করেছে।ঘটনার পর যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাক আহমেদ মামলার এজাহারটি দায়ের করেন। এদিকে উদ্ধার ইয়াবার নমুনা রাসায়নিক পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে।
ডিএনসি কর্তৃপক্ষ বলছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে কোনো ছাড় নেই, পরিবহন ব্যবস্থাকে ব্যবহার করে যারা মাদক ব্যবসা করছে—তাদের আইনের আওতায় আনা হবে।
-সাইমুন