ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিলেটে পালিত হচ্ছে পবিত্র লায়লাতুল বরাত বা শবে বরাত। সৌভাগ্যের এই রজনী প্রত্যেকটি মসজিদে মুসল্লিরা ইবাদত বন্দেগীর মাধ্যমে পালন করছেন। বিশেষ করে সিলেটের দুই ওলির মাজারে মুসল্লিদের উপচেপড়া ভিড় দেখা গেছে।
মঙ্গলবার এশার নামাজের পর থেকেই নগরীর দরগাহ গেইট এলাকায় হযরত শাহজালাল (রহ.) ও খাদিমনগরের হযরত শাহপরান (রহ.) মাজারে হাজার হাজার মুসল্লির ভিড় দেখা গেছে। কেউ মাজার জিয়ারত করছেন কেউবা মসজিদে নফল ইবাদত করছেন। আবার মাজারটিলা কবরস্থানে স্বজনদের কবর জিয়ারত করতেও দেখা গেছে।
হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদের সামনে রাত দশটার দিকে জিকির করতে দেখা গেছে বিপুল সংখ্যক মুসল্লিদের। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাজারের স্বেচ্ছাসেবকরা কাজ করছেন এতে। প্রতি বছর শবে বরাত উপলক্ষে বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা সিলেটের দুই ওলির মাজারে অবস্থান করেন। এবারও তার ব্যতিক্রম হয়নি।
শবে বরাতের আজকের রাতকে কেন্দ্র করে মাজার এলাকায় বিভিন্ন ধরনের টুপি, আগরবাতি, মোমবাতি, আতর গোলাপজল, তাসবীসহ নানা পণ্যের পসরা নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। মাজারের প্রবেশপথগুলোতে বিভিন্ন মসজিদ মাদ্রাসার নামে অর্থ সংগ্রহ করা হচ্ছে। মুসল্লিরাও দান খয়রাত করছেন।
মুসল্লিদের অনেকে বলেন, তারা মহান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদে এসেছেন। আল্লাহ যেন তাদের ভালো রাখেন, তাদের পরিবারকে ভালো রাখেন। বিপদ-আপদ থেকে মুক্ত রাখেন। সারাদেশের মানুষকে যেন ভালো রাখেন।
-সাইমুন










