কুষ্টিয়া শহরে চুরির অভিযোগ তুলে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম মনিরুল ইসলাম (৪৫)। শুক্রবার (১৬ জানুয়ারি) গভীর রাতে শহরের জিকে এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
মনিরুল ইসলাম জিকে এলাকারই বাসিন্দা ছিলেন এবং পেশায় একজন ট্রাকচালক। তাঁর পরিবারের অভিযোগ, কয়েক দিন আগে প্রতিবেশী রিপন হোসেনের বাড়িতে চুরির একটি ঘটনার পর থেকে মনিরুলকে সন্দেহের তালিকায় রাখা হয়। এরপর রিপন, ইমরান, মনিসহ কয়েকজন যুবক বিভিন্ন সময় তাঁকে হুমকি ও ভয়ভীতি দেখাতে থাকেন।
স্বজনদের দাবি, পূর্বপরিকল্পনা অনুযায়ী শুক্রবার রাত আনুমানিক ১২টার দিকে মনিরুল ইসলামের ওপর হামলা চালানো হয় এবং তাঁকে নির্মমভাবে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন মাতুব্বর জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
-আফরিনা সুলতানা/










