আইসিসি ভারতের কাছে জিম্মি, ক্রিকেটের নতুন সংস্থা দরকার

ভারত-পাকিস্তান রাজনৈতিক বৈরিতা নতুন করে ছড়িয়ে পড়েছে ক্রিকেট অঙ্গনেও। সেই বিরোধের কেন্দ্রে এবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ভারতের পক্ষাবলম্বনের অভিযোগ তুলে ক্রিকেটের নতুন আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রয়োজনীয়তার কথা বলেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

জম্মু-কাশ্মিরে হামলার ঘটনায় গত বছর দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা তৈরি হয়েছিল। রাজনৈতিক সেই দ্বন্দ্ব এবার খেলার মাঠে গড়িয়েছে। পাকিস্তানের অভিযোগ, বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা হলেও আইসিসি সিদ্ধান্ত নিচ্ছে ভারতের রাজনৈতিক ও ক্রীড়াগত স্বার্থকে প্রাধান্য দিয়ে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ‘সাউথ এশিয়া ইনডেক্স’ নামের একটি অ্যাকাউন্টের টুইট শেয়ার করেন। সেখানে দাবি করা হয়, বাংলাদেশকে টুর্নামেন্টে ফিরিয়ে এনে তাদের ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তর করা হলে তবেই পাকিস্তান ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলবে।

ওই টুইটের ক্যাপশনে খাজা আসিফ লেখেন,‘ক্রিকেটের নতুন একটি আন্তর্জাতিক সংস্থা প্রয়োজন, যাতে ভদ্র লোকের খেলাটির স্পিরিট বজায় থাকে। দক্ষিণ এশিয়ায় ভারতের রাজনৈতিক স্বার্থের কাছে আইসিসি জিম্মি হয়ে আছে।’

পাকিস্তানি গণমাধ্যমের দাবি, ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের ঘোষণায় আইসিসি বড় অঙ্কের আর্থিক ক্ষতির আশঙ্কায় পড়েছে। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে লাভজনক ম্যাচগুলোর একটি হওয়ায় এই দ্বৈরথ থেকে সম্প্রচার স্বত্ব, বিজ্ঞাপন ও স্পনসরশিপ বাবদ বিপুল রাজস্ব আয় করে সংস্থাটি।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোয় বিশ্বকাপের গ্রুপপর্বে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত ও পাকিস্তানের। তবে ওই ম্যাচ না খেলার সিদ্ধান্ত জানায় পাকিস্তান সরকার। ফলে বিকল্প সমাধান খুঁজতে পিসিবির সঙ্গে পর্দার আড়ালে আলোচনা চালাচ্ছে আইসিসি বলে জানিয়েছে পাকিস্তানি দৈনিক ডন।

পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ম্যাচ বয়কটের কারণ না জানালেও দেশটির গণমাধ্যমের মতে, বাংলাদেশের সঙ্গে আইসিসির বৈষম্যমূলক আচরণই মূল কারণ। নিরাপত্তাজনিত কারণে ভারতে বিশ্বকাপ খেলতে রাজি না হওয়ায় বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়—এই সিদ্ধান্তের বিরোধিতা করে আগেই প্রকাশ্যে অবস্থান নিয়েছিল পিসিবি।

সব মিলিয়ে ভারত-পাকিস্তান দ্বন্দ্ব, আইসিসির সিদ্ধান্ত এবং বিপুল আর্থিক স্বার্থ এই তিনের টানাপোড়েনে বিশ্ব ক্রিকেট নতুন এক অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে।

-সাইমুন