বিদেশি নম্বর থেকে হোয়াটসঅ্যাপ কল ও মেসেজের মাধ্যমে হত্যার হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি-১৩৩) করেছেন।
গতকাল সোমবার নিজ ও পরিবারের নিরাপত্তা চেয়ে রাজধানীর হাতিরঝিল থানায় তিনি এই জিডি করেন।
অভিযোগে শিশির উল্লেখ করেন, অজ্ঞাতনামা এক ব্যক্তি নিজেকে ‘হোসাইন জাহিদ’ পরিচয় দিয়ে সংযুক্ত আরব আমিরাতের কোডযুক্ত নম্বর থেকে বারবার কল করেন।
ফোনে গালাগালিসহ মেসেজে হত্যার হুমকি দেন। এতে তিনি ও তাঁর পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।হাতিরঝিল থানার ডিউটি অফিসার এসআই রাসেল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগী লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। বিষয়টি তদন্ত করতে এসআই খন্দকার সালেহ আবু নাঈমকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে হুমকির বিষয়ে শিশির তাঁর ফেসবুক পোস্টে জানান, হুমকির মেসেজে লেখা ছিল ‘তোকে নির্বাচনের আগেই গুলি করা হবে, এই পৃথিবীর কেউ তোকে বাঁচাতে পারবে না। তোর লাশ রাস্তার মধ্যে পড়ে থাকবে, মনে রাখিস।
-সাইমুন