ইতালিয়ান ক্লাব ছেড়ে আতলেতিকো মাদ্রিদে নাইজেরিয়ান ফরোয়ার্ড

ইতালিয়ান ক্লাব আতালান্তা থেকে নাইজেরিয়ান ফরোয়ার্ড আদেমোলা লুকমানকে দলে ভেড়াতে সমঝোতায় পৌঁছেছে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদ। ক্লাব সূত্রে জানানো হয়েছে, চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ইতোমধ্যে মাদ্রিদে পৌঁছেছেন ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।

সোমবার লুকমানের মেডিকেল পরীক্ষা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে এরপরই আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করবেন তিনি।

২০২২ সালে আতালান্তায় যোগ দেওয়ার আগে ইংলিশ ক্লাব ফুলহ্যাম ও লেস্টার সিটির হয়ে খেলেছেন লুকমান। এছাড়া জার্মান ক্লাব লাইপজিগ এবং ইংলিশ প্রিমিয়ার লিগের এভারটনের জার্সিতেও মাঠে নেমেছেন তিনি।

আতালান্তার হয়ে ক্যারিয়ারের সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন লুকমান। ক্লাবটির জার্সিতে ১৩৭ ম্যাচে তিনি ৫৫ গোল করার পাশাপাশি ২৭টি অ্যাসিস্ট করেছেন।

আন্তর্জাতিক অঙ্গনে নাইজেরিয়ার হয়ে সদ্য সমাপ্ত আফ্রিকা কাপ অব নেশন্সে তিনটি গোল করেন লুকমান। তবে সেমিফাইনালে মরক্কোর কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় নাইজেরিয়া।

লা লিগার বর্তমান পয়েন্ট টেবিলে আতলেতিকো মাদ্রিদ তৃতীয় স্থানে রয়েছে। তারা দ্বিতীয় স্থানে থাকা রেয়াল মাদ্রিদের চেয়ে নয় পয়েন্ট পিছিয়ে এবং শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ১০ পয়েন্ট কম সংগ্রহ করেছে।

-সাইমুন