ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে ডিআরইউর বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসা ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নেতারা।

সোমবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি ও নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

ডিআরইউর পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক দলের পক্ষে উপস্থিত ছিলেন মিডিয়া অ্যানালিস্ট এগনিস দোকা। এ ছাড়া ডিআরইউর অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল এবং সাংগঠনিক সম্পাদক এম এম জসিম বৈঠকে অংশ নেন।

বৈঠকে এগনিস দোকা বলেন, ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক দল সারাদেশে নির্বাচন পর্যবেক্ষণ করবে এবং নির্বাচন শেষে একটি চূড়ান্ত প্রতিবেদন ইউরোপীয় ইউনিয়নের কাছে জমা দেবে। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনটি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।

ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের উপস্থিতি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সহায়ক ভূমিকা রাখবে। তিনি এ জন্য ইইউ পর্যবেক্ষক দলকে ধন্যবাদ জানান।

-সাইমুন