চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে জমে উঠেছে প্রচার-প্রচারণা। ভোর থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা চষে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠ।
সোমবার দিনব্যাপী ফটিকছড়ি উপজেলার লেলাং, খিরাম ও জাফত নগর ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সরোয়ার আলমগীর।
এ সময় তিনি বলেন, বিএনপি দেশের একমাত্র রাজনৈতিক দল যারা সবসময় সাধারণ মানুষের অধিকার ও কল্যাণকে অগ্রাধিকার দেয়। বিএনপি যখনই রাষ্ট্র ক্ষমতায় এসেছে, তখনই দেশ উন্নয়ন ও অগ্রগতির ধারায় এগিয়ে গেছে। তাই জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। জনগণের ঐক্যবদ্ধ শক্তির কাছে সব ষড়যন্ত্র পরাজিত হবে।
ধানের শীষের গণজোয়ারে সব অপশক্তি ভেসে যাবে এবং ভোট বিপ্লবের মাধ্যমে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, এমন প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম, লেলাং বিএনপির সভাপতি সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, নুরুল হুদা, ফরিদুল আলম, ডা: হোসেন, নাছির সিকদার, মইনুল ইসলামসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
-সাইমুন









