বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী দুলু বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী নেতা। তিনি বিদেশ থেকে ইরি ধান, শ্যালো ইঞ্জিন, ট্রাক্টর নিয়ে আসেন। আগে এক একর জমিতে মৌসুমে বিরি ধান হতো দেড় মণ, এখন ইরি ধান হয় ১০০ মণ।
সোমবার বিকেলে ফুলবাড়ি জছিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে নির্বাচনি জনসমাবেশে এ কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে আসাদুল হাবিব দুলু আরও বলেন, জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করেছিলেন। নিজে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে নয় মাসে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছেন।
বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক দুলু বলেন, বিজয় অর্জনের পর জিয়াউর রহমান চাকরিতে ফিরিয়ে গিয়েছিলেন। কিন্তু যাদের রাষ্ট্র ভালো করে পরিচালনা করার কথা ছিল, তারা পারেনি। তখন গণতন্ত্র ধ্বংস করা হয়েছিল, পত্র-পত্রিকা নিষিদ্ধ করা হয়েছিল। অনিবার্য হয়ে পড়েছিল সেই দলের পরিণতি।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন কুড়িগ্রাম-২ আসনের ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিবসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
-সাইমুন










