বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবনের আলোকচিত্র প্রদর্শনী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও ত্যাগী নেতৃত্বের স্মৃতি স্মরণে ময়মনসিংহে দিনব্যাপী এক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নগরীর ঐতিহ্যবাহী আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় ও কলেজের মুক্তমঞ্চ প্রাঙ্গণে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।
বগুড়া মিডিয়া ও কালচারাল সোসাইটি ঢাকার উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে ৩৩টি ফ্রেমে বেগম জিয়ার রাজনৈতিক জীবনের প্রায় শতাধিক ছবি স্থান পেয়েছে। ছবিগুলোতে তার দীর্ঘ আপসহীন রাজনৈতিক সংগ্রাম এবং দেশ ও বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডের মুহূর্তগুলো ফুটে উঠেছে।
প্রদর্শনীটির শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে তিনি বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু এবং দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল কবীর মামুন।
মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নাইমুল করিম লুইনের সার্বিক তত্ত্বাবধানে এই আয়োজনে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়, বেগম খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের নেতা ছিলেন না; তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের রক্ষাকবচ এবং আপামর জনগণের প্রিয় নেত্রী। তার প্রয়াণে দেশের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, সেই শূন্যতাকে স্মরণ করতেই এই আয়োজন। বিশেষ করে নতুন ও তরুণ প্রজন্মের কাছে তার বর্ণাঢ্য জীবন ও গণতন্ত্রের জন্য তার সংগ্রামের প্রকৃত ইতিহাস তুলে ধরা এই প্রদর্শনীর মূল লক্ষ্য।
লামিয়া আক্তার