নান্দাইলে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা সদরে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পে-স্কেল বাস্তবায়ন ঐক্য পরিষদ, নান্দাইল, ময়মনসিংহ।

সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) উপজেলার সকল দপ্তরের কর্মচারীরা সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন। পরে সকাল ১১টায় নান্দাইল উপজেলা চত্বরের সামনে ৯ম পে-স্কেল বাস্তবায়ন ঐক্য পরিষদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নান্দাইল উপজেলার সকল দপ্তরের কর্মচারীরা উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করেন। এ সময় ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়কের এক পাশে প্রায় দুই ঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন পে-স্কেল বাস্তবায়ন ঐক্য পরিষদের নেতা মো. রফিকুল ইসলাম খান (প্রধান শিক্ষক, চারআনি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়), নান্দাইল স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আলি ভূঁইয়া, সিএইচসিপি অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সোহাগুজ্জামান, পল্লী সঞ্চয় ব্যাংক কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম জোটন এবং উপসহকারী কৃষি কর্মকর্তা মো. কামাল হোসেন।

-সাইদুর রহমান,নান্দাইল(ময়মনসিংহ)