স্বাধীনতার পর থেকে দেশের মানুষকে শাসনের নামে শোষণ করা হয়েছে : মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক দাবি করেছেন যে, স্বাধীনতার পর থেকে গত ৫৪ বছর ধরে এদেশের মানুষের সঙ্গে শাসনের নামে শোষণ ও বিশ্বাসের নামে বিশ্বাসঘাতকতা করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঈদগাহ মাদ্রাসা ও মারকাজ মসজিদ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মামুনুল হক বলেন, মানুষ স্বপ্ন দেখেছিল বাংলাদেশের স্থানীয় শাসক গোষ্ঠী বাংলার মানুষকে শাসন করবে, ইনসাফের রাষ্ট্র উপহার দেবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে স্বাধীনতার পর থেকে ৫৪ বছর অতিক্রান্ত হয়ে গেছে, এদেশে যারা শাসন করেছে বাংলার মানুষের সেই ন্যায় ও ইনসাফের স্বপ্ন আজও পূরণ হয়নি।

তিনি আরও বলেন, ৫৪ বছর ধরে এদেশে বিশ্বাসের নামে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, ৫৪ বছর ধরে এদেশের খেটে খাওয়া মানুষ তিল তিল করে ভাগ্য উন্নয়নের জন্য সম্পদ জমা করেছে, সেই টাকা ফ্যাসিবাদ সরকার বিদেশে পাচার করে এদেশকে ধ্বংস করে দিয়ে গেছে।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, যখন সন্ত্রাস, মাদক, চুরি, রাহাজানি, আর দুর্নীতিতে সাম্রাজ্য গড়ে তুলেছেন, যখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তখন বিদ্রোহ করা ছাড়া আর উপায় ছিল না। সেই মুহূর্তে বাংলার মাটিতে সব আধিপত্যবাদী বিদেশি দালাল গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠীর হাত থেকে বাংলাদেশকে মুক্ত ও স্বাধীন করতে জুলাইয়ে আমাদের সোনার ছেলেরা স্কুল-কলেজ, ইউনিভার্সিটি, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসাসহ বাংলার চার কোটি ছাত্র সমাজ হাতে হাত রেখে বিপ্লব করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে।

মামুনুল হক বলেন, দেড় হাজার ছাত্র শহীদ হয়েছে, ৩০ হাজার আমাদের সন্তানেরা আহত হয়েছে, কেউ কেউ চোখের দৃষ্টি হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। তারা এখন বিছানায় এক মানবেতর জীবনযাপন করছে। তারা শুধু একটি স্বপ্ন নিয়ে বুক বেঁধে আছে, দেশটা যেন ন্যায় আর ইনসাফের নতুন বাংলাদেশ নির্মিত হয়। আমরা তাদের এক নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য ন্যায় ও ইনসাফের রাষ্ট্র কায়েমের লক্ষ্যে এবারের নির্বাচন ন্যায় ও ইনসাফের পক্ষে রায় দিয়ে এদেশকে কলঙ্কমুক্ত করার আহ্বান জানাই।

বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর জেলার সভাপতি মাওলানা আমজাদ হোসেনের সভাপতিত্বে ফরিদপুর ৪ আসনের প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা রিকশা মার্কায় ভোট প্রার্থনা করেন আল্লামা মামুনুল হক।

-মামুন