ময়মনসিংহে সেনাপ্রধানের নির্দেশ: শান্তিপূর্ণ ভোট ও সমন্বয় জোরদার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ২০২৬ সালের গণভোটকে সামনে রেখে ময়মনসিংহ সফর করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরের মাধ্যমে তিনি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সেনাপ্রধান ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী এবং অসামরিক প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় বাড়ানোর বিভিন্ন বিষয় আলোচনা করা হয়।

সভায় জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্তরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখবেন। একই সঙ্গে শৃঙ্খলা, ধৈর্য এবং নাগরিকবান্ধব আচরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন, যাতে ভোটাররা কোনো ভয়ভীতি বা বাধা ছাড়াই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

আইএসপিআর আরও জানায়, ময়মনসিংহ সফরের অংশ হিসেবে সেনাপ্রধান ত্রিশালে অবস্থিত অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

-তাইয়েব ইবনে ফারুকী,ভালুকা