রাজধানীর তেজগাঁওয়ে নিখোঁজের তিন দিন পর অফিসের জেনারেটর রুম থেকে উদ্ধার হলো পরিচ্ছন্নকর্মী বিজয়ের মরদেহ। মরদেহের অবস্থান জানিয়ে পলাতক সহকর্মী রাজু।
সোমবার রাতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানির বন্ধ জেনারেটর রুমের তালা ভেঙে বিজয়ের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
জানাযায়, রাজু তেজগাঁওয়ের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। পরিবার জানায়, বিজয়ের সহকর্মী রাজু গতকাল রোববার মোবাইলে ফোনে মরদেহের অবস্থান জানায়।
তিন বছর আগে পরিবারের সঙ্গে রাজধানীতে আসেন ময়মনসিংহের মুক্তাগাছার বিজয়। বাবা-মা ও ছোট বোনের সাথে থাকতেন মহাখালীর ৭ তলা বস্তিতে। পরিচ্ছন্ন কর্মী হিসেবে তেজগাঁওয়ের একটি প্রতিষ্ঠানে কাজ নেন বিজয়।
গত ২৯ জানুয়ারি গ্রামের বাড়িতে যাওয়ার কথা থাকলেও নিখোঁজ হন বিজয়। তিন দিন পর গতকাল ১ ফেব্রুয়ারি অফিসে ফোন করে তার মরদেহের অবস্থান জানায় একই প্রতিষ্ঠানের পিয়ন রাজু।
নিহত বিজয়ের বোন রুমা খাতুন জানান, বিজয়ের কাছে কিছু টাকা ছিল। সেই টাকার জন্যই তাকে হত্যা করে সহকর্মী রাজু। মোবাইলে সবশেষ বিজয়ের সাথেই রাজুর কথা হয়। বিজয়ের নিখোঁজের দিন রাজুর কপালে আঘাতের চিহ্ন দেখা গেছে। এর একদিন পরই পালিয়ে যায় রাজু। পুলিশকে জানানোর পর গতকাল রাতে তেজগাঁওয়ে অফিসের জেনারেটর রুম থেকে বিজয়ের মরদেহ উদ্ধার করা হয়।
তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল ইমরান জানান, হত্যার বিষয়ে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। পিয়ন রাজুর বিরুদ্ধে হত্যার অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ।
সুশান্ত










