সোমবার সকালে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হন। পরে তারা সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন এবং দাবি আদায়ে বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নতুন পে-স্কেলের অপেক্ষায় রয়েছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসাভাড়া ও চিকিৎসা ব্যয়ের চাপের কারণে বর্তমান বেতন কাঠামোয় জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। দ্রুত ৯ম জাতীয় পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে। তবে তারা শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান।
কর্মসূচিতে বিভিন্ন দপ্তরের কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়ার কথাও জানান আয়োজকরা।
হাবিবুর রহমান সুমন,মাদারীপুর










