ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের পরিকল্পনা সাজানোর অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দর ইলাতের ঠিক দক্ষিণে অবস্থিত আকাবা উপসাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই জাহাজ মোতায়েন ইরানকে চাপ দিতে এবং সতর্ক করতে নেওয়া পদক্ষেপের অংশ।
ইয়নেট নিউজের প্রতিবেদন অনুযায়ী, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বাড়ায় মার্কিন নৌবাহিনীর একটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ ইসরায়েলের ইলাত বন্দরে নোঙর করেছে। এটি মিসর ও জর্ডানের সীমান্তের কাছে রাখা হয়েছে, যাতে ইরানের ওপর সম্ভাব্য আক্রমণ বা চাপ প্রয়োগে সুবিধা হয়।
মোতায়েনটি এমন এক সময়ে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছিলেন, ইরান যদি পারমাণবিক চুক্তি মেনে না চলে বা অভ্যন্তরীণ বিক্ষোভ দমন করতে সহিংসতা চালিয়ে যায়, তবে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে।
মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী, বর্তমানে মধ্যপ্রাচ্যে ছয়টি ডেস্ট্রয়ার, একটি বিমানবাহী রণতরী এবং তিনটি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি যুক্তরাষ্ট্রের হুমকিকে নাকচ করে বলেছেন, ইরানি জাতি এসব হুমকিতে ভয় পায় না। তিনি জানান, আগ্রাসন ইরান থেকে শুরু হবে না, তবে কেউ আক্রমণ করলে জোরালো প্রতিক্রিয়া দেওয়া হবে। তিনি আরও হুঁশিয়ারি দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে এটি সীমিত থাকবে না এবং আঞ্চলিক সংঘাতে পরিণত হবে।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘গুরুত্বপূর্ণ আলোচনা’ করছে। তেহরানের হুঁশিয়ারির প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে নতুনভাবে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।










