ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মহাসড়কের পাশে অবৈধভাবে রাখা গাছের গুঁড়ি অপসারণে দেওয়া ২৪ ঘণ্টার আল্টিমেটাম অমান্য করায় যৌথবাহিনী অভিযান চালিয়েছে। অভিযানে মহাসড়কের বিভিন্ন স্থান থেকে দুই ট্রাকভর্তি গাছের গুঁড়ি আটক করা হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ অংশে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলার হারুয়া বাজার থেকে মাইজবাগ বাজার পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে রাখা করাতকল মালিক ও গাছের বেপারীদের গাছের গুঁড়ি জব্দ করে যৌথবাহিনী।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাসের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল এ অভিযান পরিচালনা করে।
এর আগে গত ২৭ জানুয়ারি মহাসড়কের দু’পাশ থেকে গাছের গুঁড়ি সরিয়ে নিতে করাতকল মালিক ও গাছের বেপারীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সতর্ক করা হয়েছিল। তবে চার দিন পেরিয়ে গেলেও সংশ্লিষ্টরা নির্দেশনা না মানায় রোববার অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যান চলাচল নির্বিঘ্ন রাখতে এবং যোগাযোগ ব্যবস্থায় কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না হয় সে লক্ষ্যে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
অভিযানকালে ইলেকটোরাল ইনকোয়্যারি কমিটির সদস্য, ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল উপস্থিত ছিল।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস বলেন,
“জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে করাতকল মালিক ও গাছের বেপারীদের গাছের গুঁড়ি সরিয়ে নিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল। তারা তা অমান্য করায় অভিযান চালিয়ে দুই ট্রাক গাছের গুঁড়ি আটক করা হয়েছে। প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং অভিযান অব্যাহত থাকবে।”
-মিয়া সুলেমান, ইশ্বরগঞ্জ










