২২ বছর পর খুলনায় তারেক রহমান: নেতাকর্মীদের ঢল

দীর্ঘ ২২ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে খুলনা সফরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার মহানগরীর খালিশপুর প্রভাতী স্কুল মাঠে আয়োজিত খুলনা মহানগর ও জেলা বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি। তার এই আগমনকে কেন্দ্র করে গোটা খুলনা বিভাগে উৎসবের আমেজ বিরাজ করছে এবং সমাবেশস্থলে নেতাকর্মীদের জনসমুদ্র তৈরি হয়েছে।

সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল ও স্লোগানে মুখরিত হয়ে উঠেছে খালিশপুর এলাকা। শুধু খুলনা মহানগরী নয়, বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা দলে দলে জনসভাস্থলে জড়ো হচ্ছেন। দলীয় সূত্রে জানা গেছে, যাতায়াতের বিড়ম্বনা এড়াতে দূর-দূরান্তের বহু নেতাকর্মী রবিবার রাতেই খুলনায় পৌঁছেছেন। সোমবার সকাল গড়ানোর আগেই জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে আশপাশের রাস্তায় ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের ভিড়।
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন গণমাধ্যমকে জানান, দুপুর ১২টায় খালিশপুর প্রভাতী স্কুল মাঠে জনসভা শুরু হবে। সেখানে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন তারেক রহমান। জনসভা শেষে দুপুর ১টায় তিনি হেলিকপ্টারযোগে যশোরের উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন। তিনি আরও দাবি করেন, এই জনসভায় লাখ লাখ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে জনগণ পরিবর্তনের পক্ষে।
বিএনপি চেয়ারম্যানের আগমনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পক্ষ থেকে নগরজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে খালিশপুর প্রভাতী স্কুল মাঠ ও এর আশপাশের এলাকায় তিন স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।
লামিয়া আক্তার