কঙ্গোর পূর্বাঞ্চলে মিলিশিয়াদের নিয়ন্ত্রণাধীন একটি খনিতে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০০ জনের প্রাণহানির আশঙ্কা করছে দেশটির সরকার।
রবিবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
রাজধানী কিনশাসা থেকে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়েছে, দুর্গম এলাকায় অবস্থান করায় এখনো হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা সম্ভব হয়নি।
সরকারি সূত্র জানায়, ভূমিধসের ঘটনাটি ঘটেছে দেশটির খনিজসমৃদ্ধ পূর্বাঞ্চলের একটি খনিতে, যা বর্তমানে এম২৩ সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। উদ্ধারকাজ ব্যাহত হওয়ায় অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২১ সালে পুনরায় সক্রিয় হওয়ার পর এম২৩ বিদ্রোহী গোষ্ঠী ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা দখলে নেয়। রুয়ান্ডার সহায়তায় ২০২৪ সালের এপ্রিল মাসে তারা নর্থ কিভু প্রদেশের গুরুত্বপূর্ণ রুবায়া খনির নিয়ন্ত্রণ নেয় বলে অভিযোগ রয়েছে।
বিশ্লেষকদের মতে, অবৈধ খনন, নিরাপত্তাহীন পরিবেশ এবং নিয়মিত তদারকির অভাবের কারণেই এসব খনিতে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। ভূমিধসের ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সরকার জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে উদ্ধার ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হবে।
-সাইমুন










