সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ বলেছেন, যুক্তরাষ্ট্র আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা চালাতে পারে। তিনি শনিবার সার্বিয়ার বেসরকারি টেলিভিশন চ্যানেল পিঙ্কে একটি সাক্ষাৎকারে এ আশঙ্কা প্রকাশ করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে নিউজ.এজে।
ভুচিচ বলেন, ‘অনেক সময় এমন কিছু ঘটনা ঘটে যা শুনতে আজগুবি বা অবিশ্বাস্য মনে হয়। কিন্তু ইতিহাস আমাদের শেখায়, এমন পরিস্থিতির পরই কোথাও না কোথাও বোমা পড়তে পারে। আমি আশা করছি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা হবে এবং একই সময়ে আরও কিছু বড় ঘটনা ঘটতে পারে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতি অত্যন্ত জটিল। শান্তি বজায় রাখা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
এ বিষয়ে তিনি অতীতের উদাহরণ টানেন। ১৯৯০-এর দশকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সিদ্ধান্ত ও যুদ্ধ সংক্রান্ত পদক্ষেপে যেমন অনাকাঙ্ক্ষিত প্রভাব দেখা দিয়েছে, তা ইতিহাস প্রমাণ করে। ভুচিচ মনে করেন, বর্তমান সময়ে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা দ্রুত বড় ধরনের আন্তর্জাতিক সংকটে রূপ নিতে পারে।
উল্লেখযোগ্য, ২৬ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, যুক্তরাষ্ট্র একটি ‘বিশাল নৌবহর’ ইরানের দিকে পাঠাচ্ছে। তিনি তেহরানকে সতর্ক করেছেন এবং আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়ে বলেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র সম্পূর্ণভাবে পরিত্যাগ করে একটি ‘ন্যায্য ও সমতাভিত্তিক’ চুক্তিতে পৌঁছায়, তবে সংঘাত এড়ানো সম্ভব। তবে ট্রাম্পের ভাষায়, “পরবর্তী হামলা আরও ভয়াবহ হবে।”
বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যেও উদ্বেগ সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পর্ক ক্রমেই তীব্র হচ্ছে। সাম্প্রতিক কয়েক মাসে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান বৃদ্ধি, ইরানের সামরিক মহড়া, এবং পারমাণবিক কার্যক্রম সংক্রান্ত তীব্র বিবাদ উত্তেজনাকে আরও জটিল করেছে।
বিশ্লেষকরা বলছেন, ভুচিচের মন্তব্য মূলত রাজনৈতিক সতর্কবার্তা হিসেবেই ধরা যেতে পারে, তবে এর সঙ্গে সামরিক ও কূটনৈতিক বাস্তবতাও রয়েছে। এ ধরনের পরিস্থিতিতে যে কোনো ভুল হিসাব বা ছোট উত্তেজনা দ্রুত বড় আন্তর্জাতিক সংঘাতে রূপ নিতে পারে।
এ অবস্থায় ভুচিচ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা সব দেশের জন্য দায়িত্ব। বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে আরও দায়িত্বশীল পদক্ষেপ নিতে হবে।”
বিশ্ব রাজনীতির এই উত্তেজনাপূর্ণ মুহূর্তে ভবিষ্যদ্বাণী করতে গিয়ে ভুচিচের এই মন্তব্য বিশ্বমঞ্চে সরব প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এখন দেখছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পরিস্থিতি কী দিকে মোড় নেবে এবং যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার প্রভাব বিশ্ব রাজনীতিতে কী হবে।
-সাইমুন










