কুমিল্লা-১১ আসনে বিএনপির সমর্থিত প্রার্থী কামরুল হুদা অভিযোগ করেছেন, ‘জান্নাতের টিকিট নামে প্রতারণার বিষয়টি মানুষ বুঝে গেছে, তাই এখন সাধারণ মানুষের কাছ থেকে বিকাশ নম্বর ও জাতীয় পরিচয়পত্রের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এসব তথ্য ব্যবহার করে ডিজিটাল প্রতারণা বা অপব্যবহারের আশঙ্কা রয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের কনকাপৈত স্কুল মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কামরুল হুদা বলেন, জান্নাতের টিকিট বিক্রি হয় না।
এখন তারা মানুষের বিকাশ নম্বর ও এনআইডি নিচ্ছে। পরে ছবি বদলে বা তথ্য ব্যবহার করে নানা ধরনের ডিজিটাল জালিয়াতির চেষ্টা হতে পারে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
ক্ষমতায় গেলে দলের চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও বিভিন্ন ভাতা কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, রাজনৈতিক প্রতিপক্ষের দেশ পরিচালনায় সুস্পষ্ট পরিকল্পনা নেই।
নারী উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রসঙ্গ টেনে কামরুল হুদা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারীদের জন্য অবৈতনিক শিক্ষা, উপবৃত্তি, বয়স্ক ভাতা ও বিধবা ভাতার মতো কর্মসূচি চালু করেছিলেন।
তিনি আরো বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান রপ্তানিমুখী শিল্প সম্প্রসারণ ও প্রবাসে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ভূমিকা রেখেছিলেন।
জনসভায় কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি গাজী কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লার সঞ্চালনায় আরও বক্তব্য দেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
-সাইমুন