আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর) আসনের বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী তার নির্বাচনী প্রচারণার জন্য স্বেচ্ছাসেবী কর্মী হওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান।
ভিডিও বার্তায় যা বলেন মনীষা
ভিডিও বার্তায় ডা. মনীষা চক্রবর্তী বলেন, “আমাদের একটি কর্মী বাহিনী রয়েছে, কিন্তু বরিশাল-৫ আসন একটি বিশাল এলাকা। পুরো এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর মতো সামর্থ্য আমাদের নেই। তাই যারা অফলাইনে বা অনলাইনে আমাদের প্রচার-প্রচারণায় অংশ নিতে চান, কোনো না কোনোভাবে নির্বাচনী প্রচারণায় সহযোগিতা করে একটি পরিবর্তনের জন্য চেষ্টা করতে চান, দুর্নীতির এই ব্যবস্থাকে ভাঙতে চান, তারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন।”
তিনি বলেন, “যারা আমাদের সহযাত্রী হতে চান, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরাই আপনার সঙ্গে যোগাযোগ করব।”
ডা. মনীষা তার ভিডিও বার্তার সঙ্গে একটি গুগল ফরমের লিংক যুক্ত করে দিয়েছেন। আগ্রহী স্বেচ্ছাসেবকদের সেই ফরমটি পূরণ করে জমা দেওয়ার জন্য এবং প্রয়োজনে তার ফেসবুক পেজের ইনবক্সে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।
এই ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে তিনি সাধারণ মানুষ, বিশেষ করে তরুণদের তার নির্বাচনী প্রচারণার সঙ্গে সরাসরি যুক্ত করার চেষ্টা করছেন বলে মনে করছেন অনেকে।
মোঃ আশফুল আলম | উপ-সম্পাদক










