সুদানে যুদ্ধ শুরুর দুই বছরের বেশি সময় পর রাজধানী খার্তুমের আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথমবারের মতো একটি বাণিজ্যিক ফ্লাইট অবতরণ করেছে। এতে দেশটির রাজধানীর সঙ্গে আবারও আকাশপথে যোগাযোগ স্বাভাবিক হওয়ার ইঙ্গিত মিলেছে।
রবিবার সুদান এয়ারওয়েজের একটি ফ্লাইট লোহিত সাগর তীরের শহর পোর্ট সুদান থেকে খার্তুমে আসে। ফ্লাইটটিতে ডজনখানেক যাত্রী ছিলেন। বিমানটি অবতরণের পর বিমানবন্দর এলাকায় উচ্ছ্বাস ও উদযাপনের দৃশ্য দেখা যায় বলে জানিয়েছে আল জাজিরা।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, খার্তুম বিমানবন্দর এখন প্রতিদিন সর্বোচ্চ চারটি ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুত। সুদান এয়ারওয়েজ এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার ফ্লাইটটি ঘোষণা করা হয়েছিল এবং টিকিটের দাম ৫০ ডলার থেকে শুরু হয়। তাদের ভাষায়, এটি ‘দেশের মানুষের মধ্যে সংযোগ বজায় থাকার’ বার্তা দেয়।
সুদানের সেনাবাহিনী গত বছরের মার্চে তাদের প্রতিদ্বন্দ্বী আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর কাছ থেকে রাজধানীর পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার দাবি করে। গত মাসে সেনা-সমর্থিত কর্তৃপক্ষ যুদ্ধকালীন রাজধানী পোর্ট সুদান থেকে সরকারের সদরদপ্তর আবার খার্তুমে স্থানান্তর করে।
যুদ্ধ শুরুর পর থেকে খার্তুম বিমানবন্দর একাধিকবার হামলার লক্ষ্য হয়েছে। গত অক্টোবরে আরএসএফের ড্রোন হামলার ঘটনাও ঘটে, তবে কর্মকর্তারা বলেন সেটি প্রতিহত করা হয়। যদিও রাজধানীতে যোগাযোগ ফেরার চেষ্টা চলছে, তবু দারফুরসহ দেশের মধ্য ও পশ্চিমাঞ্চলে সংঘাত এবং মানবিক সংকট এখনো চলমান।
-সাইমুন










