আইনি জটিলতা আর আপিলের দোলাচলের মধ্যেই কুমিল্লা-১০ আসনে ধানের শীষ প্রতীকে ভোটের মাঠে থাকার সুযোগ পেলেন বিএনপির প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া। তার প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আপিল বিভাগ।
রবিবার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে কুমিল্লা-১০ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন তিনি। গত ২৫ জানুয়ারি হাইকোর্ট রুল জারি করে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেন এবং তাকে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন। পরবর্তীতে তিনি প্রতীকও বরাদ্দ পান।
তবে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে একই আসনের অপর প্রার্থী হাসান আহমেদ আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করেন। ২৯ জানুয়ারি আপিল বিভাগের কার্যতালিকায় আবেদনটি এক নম্বর ক্রমিকে অন্তর্ভুক্ত হয়। সেদিনই আবেদনটির শুনানি সম্পন্ন হয়।
শুনানি শেষে রোববার সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আদেশ ঘোষণা করে জানান, লিভ টু আপিল শুনানির জন্য গ্রহণ করা হলেও মোবাশ্বের আলম ভূঁইয়া নির্বাচনে অংশ নিতে পারবেন।
এই আদেশের ফলে কুমিল্লা-১০ আসনে ধানের শীষ প্রতীকে তার নির্বাচন করার পথে আর কোনো বাধা থাকল না।
–এজাজ আহমেদ










