ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের মানিককাঠি গ্রামে সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১১টায় আয়োজিত এ সভায় তিনি এলাকার উন্নয়ন ও শিক্ষা-স্বাস্থ্য খাত নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, বরিশাল-৩ আসনের নারীরা যদি পড়াশোনা করতে চান, তবে তিনি নিজ খরচে তাদের পড়াশোনার ব্যবস্থা করবেন। তিনি আরও বলেন, বাবুগঞ্জ ও মুলাদী উপজেলায় অতীতে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে প্রয়োজনে সরকারি বরাদ্দের বাইরেও নিজের ব্যক্তিগত অর্থ ব্যয় করতে তিনি প্রস্তুত।
চিকিৎসা ব্যবস্থার দুরবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, বাবুগঞ্জ-মুলাদী এলাকায় উন্নত চিকিৎসা সেবার জন্য একটি আধুনিক মানের হাসপাতাল স্থাপনের পরিকল্পনা রয়েছে তাঁর।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভাপতি সুলতান আহমেদ খান ও সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম প্রিন্স। এছাড়াও উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আবুল কালাম কলেজের সাবেক ভিপি ইসরাত হোসেন কচি তালুকদার, বরিশাল জেলা যুবদলের সহ-সভাপতি আওলাত হোসেন, কেন্দ্রীয় আইনজীবী ফোরামের সহ-সম্পাদক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
-ফাহিম আহমেদ, বরিশাল










